ঢাকা | মে ২৩, ২০২৬ - ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে ইউসিসি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন

  • আপডেট: Saturday, May 23, 2026 - 12:36 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ইউসিসি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জেলা পরিষদ মিলনায়তনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ড. এম এ হালিম পাটওয়ারী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউসিসির ইংরেজি বিভাগের শিক্ষক আবিদুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি শ ম সাজু, রাজশাহী সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সায়েরা কাউসারী রাচি, প্রাণিসম্পদ বিজ্ঞানী ও পিএইচডি ফেলো হোসেন আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ও ইউসিসির বাংলা বিভাগের শিক্ষক অয়ন চক্রবর্তী।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু একাডেমিক শিক্ষাই নয়, বর্তমান যুগে একজন আদর্শ মানুষ হতে হলে মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও সঠিক গাইডলাইনের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এখন থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এবং পরিকল্পিতভাবে পড়াশোনা করলে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব। মেধা ও পরিশ্রমের সঠিক সমন্বয়ই একজন শিক্ষার্থীকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে।

অনুষ্ঠানে ইউসিসির বিভিন্ন কোর্স, ক্লাস কার্যক্রম, নিয়মিত মডেল টেস্ট পদ্ধতি ও চূড়ান্ত ভর্তি প্রস্তুতির নানাবিধ কৌশল ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।

পরিশেষে, বিগত শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে রাজশাহী মহানগরী ও আশপাশের বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।