ঢাকা | মে ২৩, ২০২৬ - ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম

চামড়া সিন্ডিকেটের তেলেসমাতি আর দেখতে চাই না: এমপি মিলন

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন,“চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। পোশাক শিল্পের পরই এ খাতের অবস্থান। অথচ কোরবানির ঈদকে কেন্দ্র করে একশ্রেণির অসাধু চামড়া ব্যবসায়ী এতিম-গরিব মানুষের হকের ওপর লোভাতুর দৃষ্টি দেয়, যা অত্যন্ত দুঃখজনক।”

শনিবার পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, “দেশে সারা বছরে যে পরিমাণ পশুর চামড়া সংগ্রহ হয়, তার অর্ধেকেরও বেশি কোরবানির সময় আসে। এই চামড়ার অর্থের প্রকৃত হকদার হলো দেশের এতিম, গরিব, মিসকিন ও অসহায় মানুষ। কিন্তু গত কয়েক বছর ধরে চামড়া সিন্ডিকেটের তেলেসমাতি কার্যক্রমের কারণে আমরা দেখেছি- চামড়া পচে গেছে, বিক্রি হয়নি, এমনকি পানির দামে বিক্রি করতে হয়েছে। এই অবস্থার পুনরাবৃত্তি আর দেখতে চাই না।” তিনি আরও বলেন, “চামড়া সংরক্ষণের জন্য সরকার বিনামূল্যে লবণ দিচ্ছে। সবাইকে সচেতন হতে হবে, যেন কোনোভাবেই চামড়া নষ্ট না হয়।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ প্রমুখ।