ঢাকা | মে ২৩, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদুল আজহা উপলক্ষে রাসিক প্রশাসকের জনবান্ধব উদ্যোগ

  • আপডেট: Saturday, May 23, 2026 - 12:48 am

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন এবং কোরবানি পরবর্তী দ্রুত সময়ে বর্জ্য অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

রাজশাহী মহানগরীর প্রতিটি মুসলিম পরিবারকে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতায় মাঠে নেমেছে রাসিকের কর্মীরাও। কোরবানির চামড়া সংরক্ষণে রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাকে ৬০ হাজার কেজি লবণ বিতরণ করা হচ্ছে। ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহনসহ যাত্রীদের সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাসিক সূত্রে জানা গেছে, এবারই প্রথমবার নগরীর ৮২ হাজার হোল্ডিং এর প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য বড় ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। গত ২১ মে আনুষ্ঠানিক ভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক।

এছাড়া কোরবানির চামড়া সংরক্ষণে রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাকে ৬০ হাজার কেজি লবন বিতরণ করা হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতায় মাঠে নেমেছে রাসিকের কর্মীরাও। হযরত শাহমখদুম রুপোশ (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর ৬টি ঈদগাহে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহনসহ যাত্রীদের সেবায় রাজশাহী রেলওয়ে স্টেশনে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘণ্টা রাসিকের ১২ জন করে মোট ৩৬ জন শ্রমিক নিয়োজিত থাকবে।

এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে রাসিক। বাড়ি বাড়ি পৌছে দেয়া হচ্ছে জনসচেতনতামূলক লিফলেট। নগরীর সকল মসজিদের ইমামগণের মাধ্যমে জনসচেতনতামূলক বার্তাও পৌছে দেয়া হচ্ছে। দ্রুত সময়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইতিমধ্যে পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজার সহ সংশ্লিষ্ট সকলের সাথে সভা করে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেছেন রাসিক প্রশাসক।

এ বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় ঈদের পরদিনই রাজশাহী নগরবাসী পরিচ্ছন্ন নগরী পাবেন। এ কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।