বাঘা-ঢাকা রুটে সরাসরি বাস সার্ভিস ‘সি লাইন’-এর উদ্বোধন
বাঘা প্রতিনিধি: যাত্রীদের দীর্ঘদিনের দাবির মুখে রাজশাহীর বাঘা থেকে ঢাকা রুটে সরাসরি চলাচল শুরু করেছে দূরপাল্লার যাত্রীবাহী বাস সার্ভিস ‘সি লাইন’। গতকাল শুক্রবার সন্ধ্যার আগে বাঘা বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই নতুন বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। ফিতা কেটে নতুন এই সার্ভিসের উদ্বোধন করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন এবং সি লাইনের স্বত্বাধিকারী সেলিম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই সার্ভিসের আওতায় বাঘা থেকে ঢাকা রুটে প্রতিদিন ভোর ৪টা, সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৯টা, দুপুর সোয়া ২টা এবং রাত পৌনে ১০টায় নিয়মিত বাস ছেড়ে যাবে। মালিক পক্ষ জানিয়েছে, বাঘা থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৮০০ টাকা। তবে ঈদের এক সপ্তাহ পর যাত্রীদের সুবিধার্থে ভাড়া কিছুটা কমানো হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, শৌখিন মৎস্য শিকারি দুলাল হোসেন, সি লাইনের জিএম রফিকুল ইসলাম, এজিএম আলম খান, কাউন্টার মাস্টার আবু বাকার সিদ্দিক বুদু এবং বাঘা বাস মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
সি লাইনের স্বত্বাধিকারী সেলিম হোসেন বলেন, বাঘাবাসীর যাতায়াতের কষ্ট লাঘব করতেই আমাদের এই উদ্যোগ। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রধান অতিথি বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, এই সরাসরি সার্ভিস চালু হওয়ায় বাঘার মানুষ এখন খুব সহজে এবং কম সময়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন। এতে এলাকার ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে। সরাসরি বাস সার্ভিস চালু হওয়ায় স্থানীয় সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি দেখা গেছে। টিকিট বুকিংয়ের জন্য বাঘা বাসস্ট্যান্ডে অবস্থিত সি লাইনের নিজস্ব কাউন্টারে যোগাযোগ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।









