ঢাকা | মে ২৩, ২০২৬ - ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম

নওগাঁ আদালত থেকে মামলার নথি চুরি, চারজন গ্রেপ্তার

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:10 pm

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হারিয়ে যাওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার নথিগুলো হারিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকার এস এম আকাশ, সদর উপজেলার খয়রাবাদ এলাকার পলাশ, তার ভাই আরিফ এবং রানীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের সবুজ।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ তাকে জানান- ৯০৪/২০২২ নম্বর মামলার নথি হারিয়ে গেছে। একই সঙ্গে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে মামলার নথি ফেরত দেয়ার কথা বলে আদালতের এক কর্মচারীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি জানার পর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়।

টিমটি প্রথমে রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালায়। পরে মূল অভিযুক্তকে শনাক্ত করে সদর উপজেলার সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি খড়ের পালা থেকে মামলার নথিগুলো বের করে দেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তার করা হয়।

এসপি আরও জানান, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল এবং অল্প কিছুদিনের মধ্যেই মামলার রায় ঘোষণার কথা ছিল। নথি চুরির পেছনে কী উদ্দেশ্য ছিল, তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।