ঈদ উপহার পেলো নওহাটার ৪ হাজার ৬২৫ পরিবার
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় ৪ হাজার ৬২৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঈদ উপলক্ষে সরকারের এই সহায়তা পেয়ে স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মধ্যে। পৌরসভার নয়টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। উদ্বোধনী দিনে ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইবনুল আবেদীন। অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পবা জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন নওহাটা পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌর কর নির্ধারক হাবিবুর রহমান, প্রধান সহকারী নূরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পবা থানার এসআই তাজসেলেকার নেতৃত্বে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন।











