ঢাকা | মে ১৩, ২০২৬ - ২:২৯ পূর্বাহ্ন

ভোলাহাটে পাচারকালে জব্দকৃত ৮ হাজার লিটার ডিজেল ফিলিং স্টেশনে খালাস

  • আপডেট: Monday, May 11, 2026 - 10:13 pm

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পাচারকালে পুলিশের হাতে জব্দকৃত ৮ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) আদালতের নির্দেশে ফিলিং স্টেশনে খালাস করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভোলাহাট ফিলিং স্টেশনে এই তেল আনলোড করা হয়।

সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চাঁপাইনবাবগঞ্জের আদেশমূলে ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মো. সানাউল মোর্শেদ সশরীরে উপস্থিত থেকে এই কার্যক্রম সম্পন্ন করেন।

তেল খালাসের সময় আরও উপস্থিত ছিলেন—মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মো. কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন এবং ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ। এছাড়াও সাবেক সভাপতি মো. গোলাম কবির, সাধারণ সম্পাদক মো. শাহ্ কবির, সাংবাদিক মো. আলী হায়দার রুমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ফিলিং স্টেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার এসআই মো. কামাল হোসেন, এসআই মো. শাহিনুল ইসলাম ও এসআই মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। উপজেলার ফলিমারী-সোনাজলের মধ্যবর্তী ‘হিরো’ নামক ইটভাটা সংলগ্ন এলাকা থেকে ৮ হাজার লিটার ডিজেল ভর্তি একটি ট্রাক (লরি), ৬টি ভুটভুটি, ১টি ভ্যান এবং বিপুল সংখ্যক ড্রাম ও জারকিনসহ এই পাচারকারী চক্রটিকে আটক করা হয়েছিল। জব্দকৃত মালামাল এতদিন থানা হেফাজতে ছিল।