ঢাকা | মে ১৩, ২০২৬ - ৩:০৫ পূর্বাহ্ন

তানোরে গভীর নলকূপ অপারেটরের কাছে জিম্মি কৃষক

  • আপডেট: Monday, May 11, 2026 - 10:00 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে সেচ কাজে অনিয়ম, দুর্নীতি ও কৃষকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর মৌজার ১৮২ নম্বর দাগে অবস্থিত ওই গভীর নলকূপের অপারেটর শামসুর রহমানের এহেন কর্মকাণ্ডে স্কিমভুক্ত কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

গত ৩ মে ভুক্তভোগী কৃষকদের পক্ষে কাবিল কাজী বাদী হয়ে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী ও তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে অপারেটর শামসুর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সরকার নির্ধারিত হারের বাইরে ড্রেন মেরামত, ট্রান্সফরমার সংস্কার, পাহারাদার ও লাইনম্যানের অজুহাতে বিঘা প্রতি ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত আদায় করছেন ওই অপারেটর। এছাড়াও টাকা নিলেও কৃষকদের সময়মতো সেচ সুবিধা দেয়া হয় না এবং প্রয়োজনে অপারেটরকে নলকূপে পাওয়া যায় না।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, শামসুর রহমান তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বর্তমানে প্রভাব খাটিয়ে এবং স্থানীয় প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে সাধারণ কৃষকদের হয়রানি করছেন। এর ফলে স্থানীয় জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। কৃষক কাবিল কাজী জানান, আমার বাবার প্রায় পাঁচ বিঘা জমি আছে। কিন্তু অপারেটরের খামখেয়ালিপনায় ঠিকমতো সেচ পাওয়া যায় না। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি যেন স্থানীয় কৃষকদের সমন্বয়ে গঠিত সমিতির মাধ্যমে গভীর নলকূপটি পরিচালনা করা হয়। কিন্তু আমাদের দাবি আমলে নেওয়া হচ্ছে না। স্কিমের সাধারণ কৃষকরা অবিলম্বে বর্তমান অপারেটরকে অপসারণ করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন অপারেটর নিয়োগ এবং সমিতির মাধ্যমে সেচ ব্যবস্থাপনা পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অপারেটর শামসুর রহমান দাবি করেন, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, কোনো কৃষকের নির্দিষ্ট অভিযোগ নেই। কেউ যদি অনিয়মের প্রমাণ দিতে পারে, তবে আমি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেব। এ বিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।