ঢাকা | মে ১৩, ২০২৬ - ৩:২৯ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট রাজশাহীর এনজিও ম্যানেজার

  • আপডেট: Sunday, May 10, 2026 - 9:46 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর কবির নামে মোটরসাইকেল আরোহী এনজিও ম্যানেজার নিহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার সান্তাহারের বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক জব্দ ও এর চালক সেকেন্দার আলীকে আটক করেছে।

নিহত আলমগীর কবির (৪৬) রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে। তিনি সান্তাহারে বসবাস করতেন। বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার দুপুরে তিনি অফিসের কাজে মোটরসাইকেলে সান্তাহারের বড় আখিড়া এলাকার দিকে যাচ্ছিলেন।

এ সময় বড় আখিড়া রেলগেট পাওয়ার চেষ্টা করলে একটি সারবোঝাই ট্রাক পেছন থেকে এসে তাকে পিষ্ট করে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আলমগীর কবিরের মৃত্যু হয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এছাড়া ঘাতক ট্রাক জব্দ ও এর চালক সেকেন্দার আলীকে আটক করেছে। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া ট্রাক চালকের বিরুদ্ধে সড়ক পরিবহণ আইনে মামলা হবে।