থানার রূপ বদলে দিয়েছেন বাগমারার ওসি জিল্লুর রহমান
আবু বাককার সুজন, বাগমারা থেকে: রাজশাহীর বাগমারা থানার বর্তমান চিত্র এখন অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা। যোগদানের মাত্র এক মাসের ব্যবধানে নিজের ব্যতিক্রমী উদ্যোগে থানা চত্বরের রূপ বদলে দিয়েছেন ওসি জিল্লুর রহমান। একজন বৃক্ষপ্রেমী ও পরিচ্ছন্নতা মনা মানুষ হিসেবে তিনি থানার চারপাশকে করে তুলেছেন নান্দনিক ও পরিবেশবান্ধব।
পরিচ্ছন্নতা অভিযান: দায়িত্ব নেওয়ার পর ওসি জিল্লুর রহমান থানার অভ্যন্তর ও সীমানার চারপাশের ময়লা-আবর্জনা এবং আগাছা পরিষ্কারের উদ্যোগ নেন। এতে মশা-মাছি ও সাপের উপদ্রব থেকে মুক্তি পেয়েছেন পুলিশ সদস্য ও সেবা নিতে আসা সাধারণ মানুষ।
বৃক্ষরোপণ ও পরিচর্যা: থানার সীমানায় থাকা আম, কাঁঠাল, লেবুসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের নিয়মিত পরিচর্যা শুরু করেছেন তিনি। তার ব্যক্তিগত তদারকিতে এবার গাছগুলোতে প্রচুর ফলনও এসেছে। সম্প্রতি তাকে নিজ হাতে থানার গেটে ফুলের বাগান পরিচর্যা করতে দেখা গেছে।
জনমনে প্রশংসা: স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষকরা জানান, এক সময়ের অপরিচ্ছন্ন থানা চত্বর এখন সৌন্দর্যমণ্ডিত এক স্থানে পরিণত হয়েছে।
পরিবেশ উন্নয়নের পাশাপাশি পেশাগত দায়িত্বেও তিনি সফল। সম্প্রতি গভীর নলকূপের মিটার ও ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতাকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করে কৃষকদের মাঝে স্বস্তি ফিরিয়েছেন তিনি। এর ফলে সর্বস্তরের মানুষের কাছে তিনি প্রশংসিত হচ্ছেন। যশোরে জন্ম নেওয়া জিল্লুর রহমান জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৯৩ সালে ক্যাডেট এসআই হিসেবে চাকুরিতে যোগ দিয়ে তিনি ডিএমপি, সিআইডি, র্যাব এবং লাইব্রেরিয়া মিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।










