‘সেফ ফুড অ্যাওয়ার্ড’ পেলেন সাপাহারের সোহেল রানা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন নওগাঁর সাপাহার উপজেলার বিশিষ্ট কৃষি উদ্যোক্তা মো. সোহেল রানা। গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ৮ম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি সোহেল রানার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। “টেকসই ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকবৃন্দ অংশগ্রহণ করেন।
বিএসএসএফ সভাপতি প্রফেসর ড. মো. খালেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের ১৮ কোটি মানুষের নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোহেল রানার মতো উচ্চশিক্ষিত কৃষি উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান নিরাপদ কৃষি নিয়ে কাজ করা তরুণ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।” তিনি গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে মোট তিনটি বৈজ্ঞানিক সেশনে ১৫টি গবেষণা প্রবন্ধ এবং প্রায় ৭০টি পোস্টার প্রদর্শিত হয়। বৈজ্ঞানিক সেশনগুলোর মূল বিষয়বস্তু ছিল স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ। উল্লেখ্য, সম্মেলনটির সহ-আয়োজক হিসেবে ছিল ওয়ার্ল্ড ফিশ, হেইফার ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, সিএবিআই এবং গেইন (এঅওঘ)। সোহেল রানার এই অর্জন নওগাঁর কৃষি সেক্টরে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।










