ঢাকা | মে ১৩, ২০২৬ - ৩:২৮ পূর্বাহ্ন

আমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী  

  • আপডেট: Saturday, May 9, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, আমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিবে। সেই প্রত্যাশা নিয়ে আজকের এই প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার জন্য খুব দ্রুত বিভিন্ন স্টেডিয়াম যেগুলো জরাজীর্ন অবস্থায় আছে সেগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছে।

রাজশাহীর বিভাগীয় যে স্টেডিয়াম আমাদের প্রিয় সন্তান মুক্তিযুদ্ধে যিনি রাজশাহীর মাটিতে শাহাদাত বরণ করেছিলেন সেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। সেই স্টেডিয়ামকে আমরা বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর নামকরণ করে সেখানে নতুন করে ফ্লাডলাইট, টি-২০ ম্যাচের আয়োজন করা হবে। রাজশাহীতে আন্তর্জাতিক মানের ফুটবল এবং অন্যান্য খেলাকে নিয়ে রাজশাহীর সমৃদ্ধি আরো বৃদ্ধি করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমাদের প্রিয় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিশোর কুড়ি দিয়ে এর যাত্রা শুরু করেছিলেন। তৎকালীন সময়ে ছোট নবীন শিল্পীদের সৃষ্টি হয়েছিল। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এটিকে আরও বেগবান করেছিলেন। আমরা আশা করছি এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ছোটমনিরা জাতীয় পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরবে।

সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী-৩ আসনের এমপি অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক অ্যাড. এরশাদ আলী ঈশা, আরএমপির অতিরিক্ত কমিশনার আল মামুন, ডিআইজি অফিসের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্ষুধে খেলোয়াড়রা মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এদিকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গতকাল শনিবার মহানগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেখানে শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের স্বনামধন্য, বরেণ্য এবং বাংলাদেশের প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আপনারা আরও সুন্দর করে গড়ে তুলবেন যেন সারা বিশ্বে প্রতিযোগিতায় মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করতে পারে এবং রাজশাহীর মুখ উজ্জ্বল করতে পারে।

রাজশাহী মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মো. হাশমতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট ওসমান গনি এবং মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম বক্তৃতা করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার এবং পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৮জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়ায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।