ঢাকা | মে ৮, ২০২৬ - ১১:০৩ অপরাহ্ন

মানবতার কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট: Friday, May 8, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: শান্তি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বমানবতার এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শনে মানবতা, অসাম্প্রদায়িকতা এবং শান্তির যে বাণী উঠে এসেছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।” নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে এবং বাংলা সংস্কৃতির ঐতিহ্য ধারণ করতে হবে। সংস্কৃতি ও সাহিত্যচর্চা সমাজকে আলোকিত করে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা: সবুর আলী, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, সহকারী কমিশনার বোরহান উদ্দিন অন্তর প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।