শিবগঞ্জে ৮০ বছর বয়সী রংফুল বেগমের পাশে উপজেলা প্রশাসন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮০ বছর বয়সী অসহায় রংফুল বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলার চককীর্তি বাজার এলাকায় তার সঙ্গে সাক্ষাৎ করে মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। জানা যায়, রংফুল বেগমের বসবাসের জন্য টিনের ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয়েছে শুকনা খাবার, শাড়ি এবং নগদ অর্থ। দীর্ঘদিন ধরে অবহেলিত এই বৃদ্ধা যেন নিয়মিত ভাতা পান, সে বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাজহারুল ইসলাম বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের দায়িত্ব। তিনি রংফুল বেগমের সুস্থতা ও কল্যাণ কামনা করেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা কুড়িয়েছে।











