ঢাকা | মে ৩, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

আইনজীবীদের সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, “মানুষ অসুস্থ হলে যেমন চিকিৎসকের কাছে যায়, তেমনি বিপদে পড়লে আইনজীবীর শরণাপন্ন হয়। তাই আইন পেশা সমাজের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত। একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে।”

রোববার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে “শুরুর উচ্ছ্বাস, বিদায়ের আবেগ, সাফল্যের স্বীকৃতি” শিরোনামে নবীন বরণ, বিদায় ও অ্যডভোকেট সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দিয়ে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান এবং এটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।

তিনি ৩৬ জুলাই এর কথা উল্লেখ করে বলেন, এটা হঠাৎ করে হয়নি। এটা দীর্ঘদিনের আন্দোলনের একটি ফসল। ৩৬ জুলাইকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ এই আন্দোলনের মধ্যে দিয়েই বাংলাদেশের মানুষের ওপরে চেপে থাকা একটি জগদ্দল পাথর অপসারিত হয়েছে। আর এই অভ্যুত্থানে যারা সম্মুখসারির যোদ্ধা ছিলেন তারা হচ্ছেন ছাত্রসমাজ।

তবে এই অভুত্থানে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিলেন। শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে আর শেষ হয়েছে স্বৈরাচারের পতন দিয়ে। আগামীর বাংলাদেশ গড়তে তিনি ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। শেষে তিনি বিদায়ী ছাত্রদের ক্রেস্ট এবং মেধাবীদের অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাইসুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএসসির পরিচালক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন লুবনা এবং সমাপনী বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সামিমা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক সামিয়া হাসান।