ঢাকা | মে ৩, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

যৌন নিপীড়নের দায়ে সাংবাদিক গোলাম রাব্বানীর নামে আরো এক নারীর মামলা

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার দায়ে মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীর সাবেক রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খন্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীর নামে আরো একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া অপর একটি যৌন নিপীড়ন মামলার আসামি হিসেবে তিনি এখন কারাগারে রয়েছেন।

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতের নির্দেশনা মোতাবেক বোয়ালিয়া মডেল থানা গত ২ মে শনিবার রাতে গোলাম রাব্বানীকে আসামি করে মামলাটি রুজু করে।

এর আগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী বাদী হয়ে ২৭ এপ্রিল দুপুরে গোলাম রাব্বানীর নামে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতে মামলাটি (পিটিশন মামলা নম্বর-২৯/২০২৬) দায়ের করেন।

আদালত বাদীর দাখিলকৃত অভিযোগ ও জবানবন্দি শেষে অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করে তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুানালকে অভিহিত করার জন্য বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে গত শনিবার রাত ৮ টার দিকে বোয়ালিয়া মডেল থানা মামলাটি রুজু করে।

উল্লেখ্য, অপর এক নারী বাদী হয়ে গত ৩ মার্চ ২০২৬ ইং রাজশাহী মহনগর পুলিশের চন্দ্রিমা থানায় গোলাম রাব্বানীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ (সংশোধিত-৩) এর ১০ ধারায় প্রথম মামলাটি দায়ের করেন।

গত ২০ এপ্রিল এই মামলার জামিন নিতে গেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ২০ এপ্রিল থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।