ঢাকা | মে ৩, ২০২৬ - ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে মহান মে দিবস উদ্যাপিত

  • আপডেট: Saturday, May 2, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীতেও মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাফুজুর রহমান রিটন সকাল সাড়ে আটটায় বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে ফিতা কেটে দিবসটির উদ্বোধন করেন। এরপর সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেরখাদিয়াস্থ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নোস্ট্রি) এসে শেষ হয়। পরে নোস্ট্রি সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্র যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক  মাফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার নাঈমুল হাসান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মারুফ হোসেন, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা এখনও সব জায়গায় আমাদের শ্রমিকদের যথাযথ মর্যাদা দিতে পারিনি।আমাদের মিল-কলকারখানা, অফিস-আদালত, যানবাহন এবং অন্যান্য যে-সব প্রতিষ্ঠান রয়েছে, এখানে যারা শ্রমিক হিসেবে কাজ করেন, তাদের জীবন এখনও আমাদের সাধারণ জীবন মানের চেয়ে অনেক নিম্নে। কাজেই এক্ষেত্রে আমাদের কাজ করার যথেষ্ট সুযোগ আছে।

আমরা যারা অফিসের কর্ণধার এবং মালিকপক্ষ আছি তারা যদি শ্রমিকদের নিজেদের পরিবারের অংশ হিসেবে মনে করি এবং তাদের প্রতি আমাদের যে নৈতিক, আইনগত এবং ধর্মীয় দায়িত্ব রয়েছে এটি যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা তাদের জন্য ন্যূনতম খরচে অনেক কিছু করতে পারি। শুধু সদিচ্ছা সাথে সচেতন থাকলেই এটা করা সম্ভব। আমরা যারা সমাজ ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছি, তারা যেন শ্রমিকদের এই ন্যায্য অধিকার সুপ্রতিষ্ঠা করতে পারি, এই হোক আমাদের আজকের অঙ্গীকার। অনুষ্ঠানে নানা পেশার শ্রমিকবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মহানগর শ্রমিকদল

মহান মে দিবস উপলক্ষে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর থেকে মহানগর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ ও রাজশাহী জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী পল্টুর নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সাহেববাজার জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে মনিচত্বর ঘুরে কুমারপাড়া মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার ও শ্রমিকদল রাজশাহী মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ।

আরইউজে

মহান মে দিবস উপলক্ষে নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। আরইউজে’র সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএফইউজে’র সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী ও ফরিদ আক্তার পরাগ প্রমুখ। এতে অন্যদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা। আলোচনা সভায় বক্তব্য রাখেন আজীবন সদস্য জাবীদ অপু, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান, সিনিয়র সদস্য ফরিদ আক্তার পরাগ, সহ-সভাপতি এহেসান আলি তুহিন,  সহ-সভাপতি শাহিন খান , সদস্য রাশেদুল ইসলাম রাসেল,  সদস্য  আজম খান ,  মুক্তার হোসেন ও কাবিল হোসেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সোহাগ আলী।

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন

নগরীর লক্ষীপুরস্থ সড়ক ভবন চত্বরে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন জেলা সংসদ এর আয়োজনে মহান শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী (ঈশা)। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক মাইনুল হক, নির্বাহী প্রকৌশলী-১ আব্দুল মান্নান আকন্দ, নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, রাজশাহীর সভাপতি জায়নুল আবেদীন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

পবা

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মুহাম্মদ শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও মিজানুর রহমান।

চারঘাট

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহীর চারঘাট উপজেলা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলার আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট চৌ-রাস্তার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।

পুঠিয়া

মহান মে দিবস উপলক্ষে পুঠিয়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে ঢাকা-রাজশাহী মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ইউএনও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

মোহনপুর

মহান মে দিবস ও জাতীয় পেশাগত সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর মোহনপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন, মোহনপুরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও উপজেলা চত্বর সহ রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।

গোদাগাড়ী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত কর্মসূচিতে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

পোরশা

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব ও সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। অপরদিকে, উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যেগে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিতপুর কপালীর মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে র‌্যালিটি শেষ হয়।