ঢাকা | মে ৩, ২০২৬ - ২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট: Saturday, May 2, 2026 - 10:22 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান, তিল ও মুগের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৫ হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সামাদ ও কৃষক প্রতিনিধি গোলাম মোস্তফা বাবলু।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৫৭০০ জন আউশ চাষীকে প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

এছাড়া ৭০ জন তিল চাষীকে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং ৩০ জন মুগ চাষীকে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।