ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীতে মদপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 9:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মদ পান করে অসুস্থ হয়ে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। তার নাম জাহিদ হাসান অলি (২০)। তিনি রাজশাহী নিউ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

জাহিদ কয়েকজনের সঙ্গে নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, জাহিদ নিয়মিত মদ পান করতেন না। শখের বসে দুইদিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করেন। তারপর থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তি হননি এই ভয়ে যে মদপানের বিষয়টি বাবা-মা জেনে যাবেন। বুধবার ভোররাতে শারীরীক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করেন বন্ধুরা। এরপরই তার মৃত্যু হয়।

জহিদকে হাসপাতালে ভর্তির সময় চিকিৎসককে মদপানের বিষয়টি জানানো হয়েছে। তার মৃত্যুসনদে অ্যালকোহলের বিষক্রিয়া লেখা আছে। ওসি জানান, এই ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা মামলা করতে চাননি। মরদেহের ময়নাতদন্ত করাতেও চাননি। ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন।