ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১:২৮ পূর্বাহ্ন

পথ থেকে বেড়া অপসারণ: রাণীনগরে মুক্তি পেল অবরুদ্ধ ৫শ গ্রামবাসী

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 9:12 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রামীণ চলাচলের পথে পাল্টাপাল্টি বেড়া দিয়ে এবং মাটি কেটে দীর্ঘ এক মাস গ্রামবাসীকে অবরুদ্ধ করে রাখার ঘটনার অবসান হয়েছে। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপে গতকাল বুধবার বেলা ১১টায় প্রতিবন্ধকতাগুলো অপসারণ করা হয়। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেল মেরিয়া গ্রামের কয়েকশ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া পূর্বপাড়া বিশ্ববাঁধ থেকে পুকুরপাড় সংলগ্ন এবং মসজিদে যাতায়াতের রাস্তার তিনটি স্থানে ইমরান আলী নামে এক ব্যক্তির নেতৃত্বে বাঁশের বেড়া এবং মাটি কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

অভিযোগ ওঠে, শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বড় যানবাহন চলাচলে বাধা দিতে রাস্তায় বেড়া দিলে, তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইমরান আলী তিনটি স্থানে বেড়া এবং রাস্তার মাটি কেটে গর্ত করে দেন। এতে গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে মুসল্লিদের মসজিদে যাওয়া, কৃষকদের ধান ঘরে তোলা এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে শহিদুল ইসলাম বাদী হয়ে গত ১৬ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ঘটনাস্থলে তদন্তে যান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি উভয় পক্ষকে জনস্বার্থে নিজ নিজ উদ্যোগে বেড়া অপসারণ এবং কাটা রাস্তায় মাটি ভরাট করার নির্দেশ দেন। প্রশাসনের উপস্থিতিতেই দুই পক্ষ তাদের দেয়া প্রতিবন্ধকতা সরিয়ে নেয় এবং রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলে।

দীর্ঘদিন পর রাস্তাটি উন্মুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ গ্রামবাসীরা। তারা জানান, এ ধরনের জনবিরোধী কর্মকাণ্ড ভবিষ্যতে যেন আর না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারী প্রয়োজন। একই সঙ্গে তারা জনস্বার্থে এই কাঁচা রাস্তাটি স্থায়ীভাবে পাকাকরণের দাবি জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান,  ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই। আলোচনার মাধ্যমে উভয় পক্ষকে বেড়া অপসারণ ও মাটি ভরাটের নির্দেশ দিলে তারা তাৎক্ষণিকভাবে তা কার্যকর করে। ভবিষ্যতে এ নিয়ে আর কোনো উত্তেজনা সৃষ্টি হবে না মর্মে উভয় পক্ষ লিখিত অঙ্গীকারনামা দিয়েছে। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।