বর্ষার আগেই সড়কের কাজ শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের
স্টাফ রিপোর্টার: মহানগরীর বর্ণালী মোড় থেকে হেতেম খাঁ বড় মসজিদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের থেমে থাকা উন্নয়ন কাজ বর্ষা মৌসুমের আগেই দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের কঠোর নির্দেশনা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
গতকাল রোববার দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে এই নির্দেশনা দেন তিনি। এছাড়া ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক। এ সময় রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা। আমরা সেই কাজেই নেমেছি। আগামী বর্ষা মৌসুমের আগেই এই রাস্তার কাজ শেষ করতে চাই। আপনারা আন্তরিকতার অভাব রাখবেন না। এর আগে বর্ণালী মোড়ের পেছনে রাস্তা থেকে পরিদর্শন শুরু করেন রাসিক প্রশাসক। এরপর হেতেমখাঁ ছোট মসজিদ হয়ে হেতেমখাঁ বড় মসজিদ মোড় পর্যন্ত সড়কটি সরেজমিন পরিদর্শন করেন, এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে রাজশাহী মেডিকেল কলেজের অভ্যন্তরে বাউন্ডারি ওয়াল, ফুটপাত, ড্রেন নির্মাণ এবং বন্ধগেট রেলক্রসিং এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
৭নং ওয়ার্ডে আলোচনা
মহানগরীর ৭নং ওয়ার্ডের শ্রীরামপুর মোড় বাঁধের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সভায় ওয়ার্ডবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, বিশেষ করে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নানাবিধ নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়। রাসিক প্রশাসক নাগরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী মার্জিয়া খাতুন পপি।











