পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝায় ট্রাক উল্টে নিহত ৫
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় নতুন বছরের প্রথম দিনে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাক বাজারের ভেতরে ঢুকে উল্টে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। এ নিয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৫-এ।
গতকাল বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- সিয়াম (১৫), সেন্টু (৪০), ইসলাম উদ্দিন (৬০), মুনকার (৩৫) ও রায়হান জলিল (৪৫)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে।
এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ৫জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২: এদিকে, রাজধানীর মালিবাগসংলগ্ন মৌচাক উড়ালসড়কে গতকাল বৃহস্পতিবার ভোরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন- ঢাকার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ওরফে আশিক (২১) ও সিএনজিচালিত অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান বলেন, অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন ইয়াসিন। এসময় তিনি গুরুতর আহত হন। অন্যদিকে সংঘর্ষে অটোরিকশার ভেতরে গুরুতর আহত হন চালক নয়ন। রমনা থানার পুলিশ জানায়, গতকাল সকাল ছয়টার দিকে রক্তাক্ত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে অটোরিকশাচালক নয়নকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়। তাঁকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত: রাজধানীর খিলগাঁও উড়ালসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম রুবেল হক। তিনি রাজারবাগ পুলিশ লাইনসের নায়েক ছিলেন। গতকাল বৃহস্পতিবার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে রুবেল হক রাজারবাগ পুলিশ লাইনসে তাঁর কর্মস্থল থেকে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে নন্দিপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এসময় খিলগাঁও উড়ালসড়কে বেপরোয়া গতির একটি কার্ভাড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ওসি শফিকুল ইসলাম আরও বলেন, কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। সড়কের ওপর কাভার্ড ভ্যান ফেলে রেখে চালক পালিয়ে গেছেন। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে খিলগাঁও থানায় নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, রুবেল সিরাজগঞ্জ সদরের কান্দারপাড় এলাকার মুনসুর সর্দারের ছেলে।










