রাজশাহী-৩ আসনে জামায়াতের প্রার্থীর সমর্থনে নির্বাচনি সমাবেশ
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের সমর্থনে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পবা উপজেলার মদনহাটি প্রাইমারি স্কুল মাঠে মদনহাটি ইউনিট জামায়াতের ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই অঙ্গীকারেই তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের জন্য যোগ্য ও সৎ নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেব।
টানা ২৮ বছর ধরে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ নেতা আরও বলেন, মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণ যদি সুযোগ দেয়, তাহলে আমি এলাকার উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রাখব।
সমাবেশে এয়ারপোর্ট থানা জামায়াতের আমীর মাওলানা মো. শুজাউদ্দিন বলেন, দেশে আজ এক ক্রান্তিকাল চলছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একজন সৎ ও আল্লাহভীরু নেতার প্রয়োজন। অধ্যাপক আবুল কালাম আজাদ এমনই একজন নেতা, যিনি যোগ্যতা, সততা ও ত্যাগের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন।
মহানগর কর্মপরিষদের সদস্য আমিনুল ইসলাম বলেন, অধ্যাপক আজাদ একজন আদর্শবান নেতা। তার নেতৃত্বে রাজশাহী-৩ আসনটি একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে উঠবে।
নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানা জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম বকুল ও সেক্রেটারি মাওলানা মো. কাজিমুদ্দিন। সমাবেশে পবা উপজেলার নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।











