দুই দিনের রিমান্ডে গ্রাম্য চিকিৎসক আরাফাত
গুপ্তঘরে বন্দি
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্মাণাধীন ভবনের নিচে গুপ্তঘরে আব্দুল জুব্বার (৭৫) নামে এক বৃদ্ধকে পাঁচ মাস ২৫ দিন বন্দি রাখার ঘটনায় প্রধান আসামি গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ (রায়গঞ্জ আমলি আদালত) আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগির হোসেন রিমান্ড মঞ্জুর করেন।
সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নাজমুল ইসলাম আরাফাতকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে অপর একটি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে।
আরাফাত পশ্চিম লক্ষীকোলা গ্রামের মৃত রেজাউল করিম তালুকদারের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শিল্পী খাতুনের স্বামী মনসুর আলী ও আব্দুল জুব্বারের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে আরাফাতকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন।
এসব মামলায় ২৫ জনকে আসামি করা হয়। প্রধান আসামি আরাফাতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই মূল রহস্য বেরিয়ে আসবে। তিনি বলেন, দুটি গ্রামে আন্ডারগ্রাউন্ড কক্ষ পাওয়া গেছে। প্রতিটি কক্ষ মাত্র ৪ ফুট উঁচু দৈর্ঘ্য ৯ ফুট এবং প্রস্থ ৪ ফুট।











