ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

বাবিল খানের আবেগঘন ভিডিও সম্বন্ধে যা বলল তার টিম

  • আপডেট: Monday, May 5, 2025 - 10:49 am

অনলাইন ডেস্ক: বলিউড কিংবদন্তি ইরফান খানের পুত্র ও তরুণ অভিনেতা বাবিল খান সম্প্রতি একটি আবেগঘন ভিডিও শেয়ার করে অনলাইনে তীব্র আলোচনার কেন্দ্রে চলে আসেন।

ওই ভিডিওতে তাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়। সেই সঙ্গে তিনি বলিউডে তার কিছু সহকর্মী, যেমন- শানায়া কাপুর, অনন্যা পান্ডে ও অর্জুন কাপুরের নাম উল্লেখ করে বলেছিলেন, ‘বলিউড খুবই রূঢ়’।

তার এই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা দেখে অনেকে একে কৌতুক বা এআই দিয়ে তৈরি বলে মনে করেন। আবার কেউ কেউ বাবিলের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন বাবিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলেন

বাবিল খানের টিম পরে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করে বলেছে, ‘প্রত্যেকেরই খারাপ দিন থাকে। বাবিলের ক্ষেত্রেও এটি তেমন একটি দিন ছিল। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, তিনি নিরাপদে আছেন এবং দ্রুতই ভালো বোধ করবেন’।

বাবিলের টিম আরও জানায়, ভিডিওটি মূলত ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং আসল বক্তব্যের বিপরীতে। বাবিল আসলে এতে তার সহকর্মীদের প্রশংসা করছিলেন। তিনি সিদ্ধান্ত চতুর্বেদী, আদর্শ গৌরব, রাঘব জুয়াল ও গায়ক অরিজিৎ সিং — এমন সব সত্যিকারের শিল্পীদের প্রশংসা করেছিলেন। যারা নিজ নিজ জায়গা থেকে বলিউডে ‘আবেগ ও বিশ্বাসযোগ্যতা’ ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

বিবৃতিতে সংবাদমাধ্যম ও দর্শকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা ‘খণ্ডিত ভিডিও ক্লিপ দেখে বিভ্রান্ত না হন’ এবং পুরো প্রসঙ্গ বুঝে মন্তব্য করেন।

ইরফানপুত্র বাবিল খান তার অভিনয় জীবন শুরু করেন ‘ক্বলা’ (Qala) সিনেমার মাধ্যমে। এরপর ২০২৩ সালে মুক্তি পায় তার অভিনীত ‘দ্য রেলওয়ে মেন’ ও ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ নামক দুটি সিনেমা।

২৬ বছর বয়সি এই অভিনেতাকে সম্প্রতি দেখা গেছে ‘লগআউট’ নামক সিনেমাতে। এতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।