ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

শহিদ জিয়ার আদর্শে সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান দুই প্রশাসকের

  • আপডেট: Friday, November 6, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহী মহানগরী ও জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

পৃথক বাণীতে দুই প্রশাসক ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবকে দেশের রাজনৈতিক ইতিহাস ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তাঁরা স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা, আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ এবং বহুদলীয় গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির পথ সুগম করার ক্ষেত্রে এই দিনের তাৎপর্য তুলে ধরেন।

বাণীতে উভয় প্রশাসক মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী দর্শন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার কর্মমুখী চিন্তা দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় চিরস্মরণীয়।

প্রশাসকদ্বয় আহ্বান জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব বিভেদ ভুলে জাতীয় ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে হবে। শহিদ জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সোনালী/জগদীশ রবিদাস