রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩১
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে সাতজন মাদক কারবারি ও একজন মাদকসেবীসহ মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার মহানগরীর চন্দ্রিমা, পবা, বেলপুকুর, বোয়ালিয়া, কর্ণহার ও মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করে।
বুধবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান জানান, মাদক মামলার পাশাপাশি থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।











