ঢাকা | অক্টোবর ২২, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য: সেই কলেজছাত্র ও তাঁর বাবাকে ঢাকা ডিবিতে হস্তান্তর

  • আপডেট: Thursday, October 22, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিকের সঙ্গে তাঁর বাবাকেও গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত বাবা-ছেলেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

বৃহস্পতিবার এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক তথ্যটি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আবু বকর সিদ্দিক ও তাঁর বাবা আয়নাল হককে ঢাকা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত আবু বকর সিদ্দিক (২২) রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার কিচৌত (কেচুয়াতৈল) এলাকার কৃষক আয়নাল হকের ছেলে।

তিনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। চার ভাইবোনের মধ্যে আবু বকর সবার বড়। পড়াশোনার পাশাপাশি তিনি বাবাকে কৃষিকাজে সহায়তা এবং ভ্যানে করে হাটে কাঁচামাল পরিবহনের কাজ করতেন। তবে ছেলের মন্তব্যের ঘটনায় বাবা আলয়নাল হককে কেন হেফাজতে নেয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী রাজশাহী সফরে আসেন। হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি কোস্টার বাসে করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভাস্থলে যান। প্রধানমন্ত্রীকে বহনকারী যানটি নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়।

উক্ত পোস্টে লেখা হয়, “সবই বুঝলাম, রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন, রাজশাহীবাসী?” ওই পোস্টের কমেন্ট বক্সে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, “ইস, একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।”

মন্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে চরম ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। রাজশাহী মহানগর বিএনপি ও যুবদলের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানান। পরবর্তীতে রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে এসআরবি-৫ আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে।

এদিকে আবু বকরের বন্ধু ও এলাকাবাসীর দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তাঁর বন্ধু মনিরুল জানান, আবু বকর কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। ফেসবুকে দেয়া মন্তব্যটি হয়তো তিনি না বুঝে বা ভুলবশত করে ফেলেছেন। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে দেয়া মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।