ঢাকা | অক্টোবর ২২, ২০২৬ - ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম

নিরাপদ সড়ক দিবসে নগরীতে নিসচার র‌্যালি

  • আপডেট: Thursday, October 22, 2026 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। এ উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টায় সংগঠনের কাজিহাটাস্থ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর লক্ষ্মীপুর মোড় ও সিঅ্যান্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানের মাধ্যমে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

র‌্যালি শেষে নিসচার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য আলহাজ কাজী কায়কোবাদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব। একটি সর্বাঙ্গীন নিরাপদ সড়ক বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ড. আমানুল্লাহ বিন আখতার (আবিদ), দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শিউলী আকতার জেমি, প্রকাশনা সম্পাদক আসমানি খাতুন আঁখি, কার্যনির্বাহী সদস্য ড. মনিরুল হক ও আব্দুস শাহীদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে নিসচার প্রতিষ্ঠাতা মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত এবং সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর নেতৃত্বে মহানগরীর লক্ষ্মীপুর মোড় ও সংলগ্ন সড়কে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড. আবিদ, জেমি, আঁখি, আব্দুস শাহীদসহ নাফিজ খান, নাজমুল হাসান রোজেন, লাভলু চৌধুরী, আফ্রিদি, রাকা, পিন্টু, তুহিন খান, রাহাত, ইমন, সাফিয়া, সিয়ামসহ বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।