ঢাকা | অক্টোবর ১৯, ২০২৬ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি, মাঠ পরিদর্শন

  • আপডেট: Sunday, October 18, 2026 - 11:29 pm

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরকে কেন্দ্র করে পদ্মাপাড়ের ঐতিহাসিক শহর রাজশাহীতে বইছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম রাজশাহী সফর।

সফরকালে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরটি ঘিরে নগরজুড়ে প্রশাসনিক, রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে জোরদার করা হয়েছে সর্বাত্মক প্রস্তুতি।

রোববার দুপুরে সফর ও জনসভার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করতে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (ঐতিহাসিক মাদ্রাসা মাঠ) পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, পবা-মোহনপুর (রাজশাহী-৩) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।

এছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট পৃথকভাবে মাদ্রাসা মাঠের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। মাঠ পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনের উদ্দেশে রাজশাহীতে আসছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

এদিকে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাংবাদিকদের জানান, অল্প সময়ের প্রস্তুতি হলেও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহীবাসীর মধ্যে গভীর আবেগ কাজ করছে। সফরকালে প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থে আখচাষিদের জন্য বিশেষ নতুন বার্তা নিয়ে আসবেন বলে জানান তিনি।

এছাড়াও সফরকালে রাজশাহীর বেশ কিছু দীর্ঘদিনের প্রাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে—যার মধ্যে রয়েছে রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, কৃষিভিত্তিক ইপিজেড ও পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষা নগরী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা, বীজ সংরক্ষণাগার স্থাপন এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ ত্বরান্বিত করা।

অন্যদিকে, প্রশাসনিক ও প্রশাসনিক নিরাপত্তার বিষয়টিও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম মাদ্রাসা মাঠ সফর করে আয়োজনের সব ব্যবস্থা তদারকি করেন।

অপরদিকে, প্রধানমন্ত্রীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সার্বিক দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বিত টহল ও নিরাপত্তা মহড়া তদারকি করেন।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে স্মরণীয় করে রাখতে নগর বিএনপির দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ জনগণ এক বিশাল সংবর্ধনার অপেক্ষায় দিন গুণছেন।