ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ২৫ কেজির কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার

  • আপডেট: Thursday, October 15, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দামকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি ৬ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের শিবমূর্তি ও এর একটি ভাঙা অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারকরণের অংশ হিসেবে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের শিবমূর্তি এবং ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি মূর্তির ভাঙা অংশ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মূর্তি ও ভাঙা অংশের বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোনালী/জগদীশ রবিদাস