ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা

  • আপডেট: Thursday, October 15, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী পুলিশ লাইন্স মাঠে পৃথক সময়ে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। সকাল সাড়ে ৭টায় মাস্টার প্যারেড, সাড়ে ৯টায় মাসিক কল্যাণসভা এবং বেলা ১১টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণসভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ মানুষকে দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং জোরদার এবং চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন পুলিশ সুপার। সভা শেষে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সোনালী/জগদীশ রবিদাস