ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ, জরিমানা

  • আপডেট: Thursday, October 15, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইনগত অনুমোদন নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর ও সিএন্ডবি এলাকায় সামারি ট্রায়াল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক এই বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানকালে সাহেববাজারের আরডিএ মার্কেটের একটি দোকান থেকে উল্লেখযোগ্য পরিমাণ নকল অলিভ অয়েল জব্দ করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী পণ্যগুলো নকল বলে স্বীকারোক্তি দেওয়ায় আদালতের নির্দেশে সেগুলো জব্দ করা হয় এবং ওজন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে মহানগরীতে পালিত ‘মিটলেস ডে’ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা যাচাই করতে বিভিন্ন এলাকায় তদারকি করা হয়। পাশাপাশি লক্ষ্মীপুর এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স ও সিটি কর্পোরেশন-সংক্রান্ত প্রয়োজনীয় নিবন্ধন যাচাই করা হয়।

পরিদর্শনকালে কয়েকটি প্রতিষ্ঠানের নিবন্ধন হালনাগাদ না থাকায় সেগুলোকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে আইন প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আদালত।

সোনালী/জগদীশ রবিদাস