রাজশাহী সরকারি মহিলা কলেজের ফুটপাত দখলমুক্ত স্বস্তিতে নগরবাসী
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রমের সুফল পেতে শুরু করেছেন নগরবাসী। বিশেষ করে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনের ফুটপাত দখলমুক্ত করতে গ্রিল স্থাপনের ফলে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের চলাচলে ফিরেছে স্বস্তি। আগে ফুটপাত দখল হয়ে থাকায় বাধ্য হয়ে সড়কের ওপর দিয়ে চলাচল করতে হতো পথচারীদের। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা ও ভোগান্তিতে পড়তে হতো তাদের।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনের ফুটপাত দিন-রাত দখল হয়ে থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় সড়কের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহনের মুখোমুখি হওয়ার ঝুঁকিও ছিল। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ফুটপাতের পাশে গ্রিল স্থাপনের ফলে অবৈধ দখল রোধের পাশাপাশি পথচারীদের চলাচলের পরিবেশ অনেকটাই উন্নত হয়েছে।
এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এক অভিভাবক বলেন, “আগে আমাদের চলাচলের জন্য রাস্তার ওপর দিয়ে যেতে হতো। এতে সব সময় ভয়ের মধ্যে থাকতে হতো। এখন অনেক সুন্দরভাবে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছি। এটি সিটি কর্পোরেশনের একটি প্রশংসনীয় উদ্যোগ।”
এক শিক্ষার্থী বলেন, “আগে কলেজের সামনে দিয়ে চলাচল করতে খুব ভয় লাগত। যানবাহনের মধ্যে দিয়ে রাস্তা পার হতে হতো। এখন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারছি।” শুধু সরকারি মহিলা কলেজের সামনের ফুটপাত নয়, নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতও একইভাবে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন নগরবাসী।
বিশেষ করে রাজশাহী রেলস্টেশনের পাশে মুন্না মেলাসংলগ্ন সড়কের কথা উল্লেখ করে এক অভিভাবক বলেন, “ওই সড়কে তিনটি স্কুল রয়েছে। সেখানে ফুটপাত দখলমুক্ত করে এমন ব্যবস্থা করা গেলে শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচল সহজ হবে। পাশাপাশি ওই এলাকার যানজটও কমতে পারে।”
নগরবাসীর প্রত্যাশা, রাজশাহী সিটি কর্পোরেশনের এ ধরনের উদ্যোগ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকাতেও সম্প্রসারণ করা হবে।
ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা গেলে শিক্ষার্থী, অভিভাবক, বয়স্ক মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা সহজ হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ রহমান রিটনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত রাখার এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
তাদের মতে, পরিকল্পিতভাবে ফুটপাত দখলমুক্ত রাখা এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকলে নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও পথচারীদের দুর্ভোগ কমানো সম্ভব হবে।










