ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে স্কুল চলাকালে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

  • আপডেট: Tuesday, October 13, 2026 - 11:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

গত সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, স্কুল চলাকালে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত না থেকে কোচিং সেন্টারে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এ কারণে পাঠদান চলাকালে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসক আরও বলেন, আদেশ না মেনে কোচিং সেন্টার চালু রাখলে অভিযান পরিচালনা করা হবে।

এছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং করানোর নামে অগ্রিম টাকা নিয়ে ফেরত না দেয়াসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অনুসন্ধানের পর পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গণবিজ্ঞপ্তিটি বাস্তবায়নে রাজশাহীর পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।