ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

শিরোনাম

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

  • আপডেট: Tuesday, October 6, 2026 - 11:14 pm

সাপাহার ও জয়পুরহাট প্রতিনিধি: নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্তে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত দিয়ে এ পুশইনের চেষ্টা চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের শিকার সাতজনই ভারতীয় নাগরিক।

তাঁদের মধ্যে এক নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। বর্তমানে তাঁরা সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছেন। প্রাথমিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাঁদের ভারতে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে এবং জয়পুরহাটের কড়িয়া সীমান্ত দিয়ে আরও তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই স্থানেই পুশইনের চেষ্টা প্রতিহত করে।

তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে ইতোমধ্যে বিএসএফের সঙ্গে বিজিবির একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস