ছাত্রদলের অপকর্মের কারণেই বিএনপির পতন হবে: শিবির সভাপতি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রলীগের অপকর্মের কারণে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, ঠিক একইভাবে ছাত্রদলের অপকর্মের কারণে বিএনপিরও পতন হবে।
সোমবার সকালে রাজশাহীতে শিবির মহানগর শাখা আয়োজিত ‘রক্তিম প্রভাত’ শহীদ স্মারকের মোড়ক উন্মোচন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল নেতাকর্মী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আহতদের দেখতে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।
এ প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ভিডিও ফুটেজে ছাত্রদলের নেতাকর্মীদের স্পষ্ট দেখা গেলেও ঘটনাটি শিবিরের ওপর চাপানোর অপচেষ্টা করা হচ্ছে। নগরীর সিএন্ডবি মোড়ের এক মিলনায়তনে মহানগর শিবিরের সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং শহিদ পরিবারের সদস্যগণ।
সোনালী/জগদীশ রবিদাস











