রাজশাহীতে নকল ইয়াবা সেবনে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে সেবনকারীরা
জীবননাশক মাদকেও প্রতারণা:
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কম দামি বিভিন্ন ওষুধ রঙ করে ইয়াবা হিসেবে বিক্রির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কম দামি জন্মনিয়ন্ত্রণ বড়ি ও কোষ্ঠকাঠিন্যের ওষুধের ওপর লাল বা গোলাপি রঙের প্রলেপ দিয়ে ইয়াবার আদলে তৈরি করে মাদকসেবীদের কাছে বিক্রি করছে একটি প্রতারক চক্র। এতে একদিকে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা, অন্যদিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া অজানা এসব ওষুধ সেবনের ফলে মারাত্মক শারীরিক প্রতিক্রিয়া ও তীব্র স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, নগরীর আইডি বাগানপাড়া রেললাইন এলাকা, চন্দ্রিমা থানার বারো রাস্তা, বুধপাড়া, কোট ঢালান, গুড়িপাড়া, রাজশাহী নিউমার্কেট ও হরিপুরসহ বেশ কয়েকটি এলাকায় এ ধরনের প্রতারণামূলক মাদক ব্যবসা সক্রিয় রয়েছে।
এসব এলাকায় এক টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিংবা ডুরালাক্সের মতো কোষ্ঠকাঠিন্যের ট্যাবলেটে লাল বা গোলাপি সাইনপেন ও মার্কারের কালি লাগিয়ে ইয়াবার মতো রূপ দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে তৈরি এসব নকল ইয়াবাকে সংকেতে ‘মায়া বড়ি’ নামেও ডাকা হচ্ছে। কম দামে পাওয়ার আশায় অনেক মাদকসেবী এসব কিনে প্রতারিত হচ্ছেন।
ভুক্তভোগী এক মাদকসেবী সাংবাদিকদের জানান, মাদকবিরোধী আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হওয়ায় আসল ইয়াবার যোগান কমে গেছে। এর সুযোগ নিয়ে বিক্রেতারা রঙ করা ওষুধ গছিয়ে দিচ্ছে। এ ধরনের ওষুধ সেবনের পর তাঁর শরীরে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
তবে ইয়াবার আদলে জন্মনিয়ন্ত্রণ বড়ি বা অন্যান্য ওষুধ বিক্রির বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে জানান, এ সুনির্দিষ্ট বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, মহানগর পুলিশ ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে অনেক মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এ পরিস্থিতিতে ভেজাল ও নকল এসব ট্যাবলেটের মূল উৎস শনাক্ত, প্রস্তুতকারী চক্রের সন্ধান এবং ক্ষতিকর এ তৎপরতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ ও জরুরি পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোনালী/জগদীশ রবিদাস











