মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক
স্টাফ রিপোর্টার: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ইয়ামিন ইসলাম সানির পড়াশোনার সুবিধার্থে তাঁর হাতে একটি ল্যাপটপ তুলে দিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ল্যাপটপ হস্তান্তর করা হয়। সানি বর্তমানে রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাপটপ কেনা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না।
ল্যাপটপ হস্তান্তরকালে জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশা বলেন, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষায় তাদের এগিয়ে নিতে জেলা পরিষদের এ ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। ল্যাপটপ উপহার পেয়ে শিক্ষার্থী সানি জেলা পরিষদ প্রশাসকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।











