ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী জেলা ও রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮১

  • আপডেট: Monday, September 28, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ ও মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত পৃথক ২৪ ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্রসহ মোট ১৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রেঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় পরিচালিত ১৪৫টি বিশেষ অভিযানে মোট ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৩৯ জন, সাজাপ্রাপ্ত ৮ জন, তদন্তাধীন মামলার ৮৯ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ৭ জন রয়েছেন। এছাড়া পৃথকভাবে ৩৩ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে একটি ইউএসএ-নির্মিত পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা, একটি বার্মিজ চাকু এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

যার মধ্যে রয়েছে ২,১৯৯ পিস ইয়াবা, ৫ গ্রাম হিরোইন, ২৬.৫ লিটার চোলাইমদ, ৩ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৩,৩৮০ পিস টাপেন্টাডল, ৪৮ বোতল ফেনসিডিল এবং ৩৪ বোতল উইনসিরাক্স। একই সময়ে রেঞ্জ এলাকায় ১টি খুন, ৩টি চুরি, ৬২টি অন্যান্য অপরাধমূলক মামলা এবং ১১টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫৭ জন এবং চলতি মাসে সর্বমোট ২৫ হাজার ২৭১ জন নাগরিক রেঞ্জ পুলিশের সরাসরি সেবা গ্রহণ করেছেন।

অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৪ জন, নতুন মাদক মামলায় ১৬ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলায় ৮ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।