তানোরে বাড়ির দেয়ালে চাপা পড়ে গৃহবধুর মৃত্যু
তানোর প্রতিনিধি: তানোরে মাটির বাড়ির দেয়াল ভেঙ্গে নিচে পড়ে ২ সন্তানের জননী এক গৃবধুর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম সাহেদা বিবি (২৪)। তিনি পাঁচন্দর ইউপির বনকেশর চকপাড়া গ্রামের আল আমিনের স্ত্রী।
গ্রামবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, তাদের মাটির বাড়ির এক পার্শ্বে ভাঙ্গা হচ্ছিল। শনিবার দিবাগত রাতে ভারি বর্ষনে ভোর ৬টার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের মাটির দুই তলা বাড়ির দেয়াল ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে গ্রামের লোকজন এসে মাটির নিচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেন। তাদের ৬ বছরের ১ ছেলে ও ৪ বছরের ১ মেয়ে রয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।











