পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনকে কারাদণ্ড
পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার দীঘলকান্দী ও বানেশ্বর এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—বানেশ্বর এলাকার সিকান্দর আলীর ছেলে নাসির আলী, খুটিপাড়া এলাকার নকির উদ্দিনের ছেলে মেহেদী হাসান, দীঘলকান্দী এলাকার আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান রনি এবং খুটিপাড়া এলাকার মো. হামিদের ছেলে রফিকুল ইসলাম। অভিযান পরিচালনা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।
পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, “যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।” উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।











