ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

ভুয়া পুলিশ ও সেনা কর্মকর্তা সেজে চাঁদাবাজি, র‌্যাবের হাতে যুবক গ্রেপ্তার

  • আপডেট: Friday, September 4, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: জ্যেষ্ঠ পুলিশ ও সেনাসদস্যদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ দাবির অভিযোগে শরিফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালিয়া থানার রানীনগর ওয়াটার ট্যাংক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-৫-এর গণমাধ্যম শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। র‌্যাব জানায়, শরিফুল অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবিরের নামে একটি ভুয়া আইডি ব্যবহার করে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ, বিচারক ও আইনজীবীদের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। পূর্বের একাধিক প্রতারণা মামলায় জামিনে বেরিয়ে এসে শরিফুল পুনরায় একই কাজে লিপ্ত হয় বলে জানায় র‌্যাব। আটককৃতের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে।