ঢাকা | সেপ্টেম্বর ২, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম

রাবিতে নেপালি শিক্ষার্থীদের জন্য ‘ডিজাস্টার স্কলারশিপ’ চালুর অনুরোধ

  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা নেপালের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে রাবিতে ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ নামে একটি বিশেষ বৃত্তি চালুর আবেদন জানিয়েছেন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর  ফরিদুল ইসলামের সাথে সাক্ষাৎ করে তাঁরা এ অনুরোধ জানান। উপাচার্য নেপালের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে জানান যে, যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তহবিল প্রাপ্তি সাপেক্ষে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক এস এম কামরুজ্জামান এবং শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর আবু বকর প্রাং উপস্থিত ছিলেন।

সিএসই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা:

একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীনবরণ ও বিদায় ২০২৬ অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর মো. রোকানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। তিনি নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দসহ নবীন ও বিদায়ী শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।

এদিকে রাবির উপ-উপাচার্য (প্রশাসন) দপ্তরের অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার আনোয়ারা বেগম (৬৬) গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টায় রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন।

এক যৌথ বিবৃতিতে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে মরহুমার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বুধবার বাদ আসর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে রাবি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।