হড়গ্রামে রান্নাঘরে আগুন, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর হড়গ্রাম নতুন পাড়ায় অগ্নিকাণ্ডে একটি বাড়ির টিনশেড রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে রান্নার পর অসাবধানতাবশত চুলার আগুন থেকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হড়গ্রাম নতুন পাড়ার বাসিন্দা গাজু মণ্ডলের ছেলে রানার বাড়ির দ্বিতীয় তলার ছাদে টিনশেড রান্নাঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন।
পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, আগুনে রান্নাঘরের টিন ও কাঠ পুড়ে যাওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ার বিষয় তুলে ধরে উক্ত কর্মকর্তা জানান, বেলাল হুজুরের বাড়ি থেকে হড়গ্রাম নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তায় বিদ্যুতের তার বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে।
তার ঝুলন্ত থাকায় অগ্নিনির্বাপক বড় গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে চরম বেগ পেতে হয়েছে। ঝুলে থাকা বিদ্যুতের তার বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে উল্লেখ করে ফায়ার সার্ভিস কর্মকর্তা সংশ্লিষ্টদের দ্রুত তারগুলো উঁচুতে বাঁধাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন।










