ঢাকা | অগাস্ট ১৬, ২০২৬ - ১২:৩৮ পূর্বাহ্ন

বাগমারা ও পোরশায় ইয়াবাসহ চারজন আটক

  • আপডেট: Saturday, August 15, 2026 - 10:48 pm

সোনালী ডেস্ক: বাগমারায় ইয়াবাসহ দুইজন ও পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়।

বাগমারা প্রতিনিধি জানান, বাগমারায় ৬০ পিচ ইয়াবাসহ আলমগীর হোসেন ও মিঠুন সেখ নামে এলাকার চিহ্নিত দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক হওয়া আলমগীর হোসেন শুভডাঙ্গার বাড়িগ্রাম পশ্চিমপাড়া গ্রামের কায়েম উদ্দিনের ছেলে এবং মিঠুন সেখ আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া পশ্চিমপাড়া গ্রামের বাবুল সেখের ছেলে।

বাগমারা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আলমগীর হোসেন ও মিঠুন সেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মোহনপুর ও মান্দা থেকে হিরোইন, ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য হাটগাঙ্গোপাড়া, খুজিপুর, খালগ্রাম, মচমইল, মাধনগর, নরদাশ ও দামনাশ বাজারসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। শুক্রবার সন্ধ্যার পর থেকে তারা মান্দার চকগৌরি বাজার থেকে ব্যাগভর্তি গাঁজা ও ইয়াবা নিয়ে এসে বাগমারার বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে এলাকায় টহলরত পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবাসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শনিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম বলেছেন, আলমগীর হোসেন এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে আরো চারটি মাদকের মামলা রয়েছে।

পোরশা প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটপক করা হয়।

আটকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার (৩৩) এবং একই গ্রামের (কাচারী পাড়া) এলাকার শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনাবেচার সময় তাদের আটক করা হয়।

এসময় তাদের তল্লাশি করে দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল এবং গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এছাড়াও দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং তার কাছে থাকা মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং আটকৃতদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।