ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

আত্রাইয়ের মানসী ১২২৩ নম্বর পেয়ে নওগাঁয় প্রথম

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:04 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২২৩ নম্বর পেয়ে নওগাঁ জেলায় প্রথম এবং রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে আত্রাইয়ের মানসী সরকার।

গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে এ অসাধারণ কৃতিত্ব অর্জন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আত্রাইয়ের বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী।

মানসী সরকার উপজেলার সাহেবগঞ্জ পালপাড়া এলাকার বাসিন্দা প্রশান্ত কুমার সরকার ও মল্লিকারানী মজুমদার দম্পতির মেয়ে। সে তাদের প্রথম সন্তান। তার বাবা কলেজের সহকারী অধ্যাপক এবং মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে মানসী।

মানসীর অসাধারণ ফলাফলে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মানসী সরকার বলে, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই।