ঢাকা | অগাস্ট ১৩, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় অভিযানে ২ হাজার লিটার চোলাই মদ জব্দ

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:02 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক এক থেকে দুই হাজার লিটার চোলাই মদ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার উপজেলার মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কৃষ্ণপুর আদিবাসী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় মাদকবিরোধী যুবসমাজ সার্বিকভাবে সহযোগিতা করে। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দের পাশাপাশি মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সংরক্ষণে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়। পরে জব্দ করা মদ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, কৃষ্ণপুর বোনাপাড়া এলাকার একটি অংশ দীর্ঘদিন ধরে চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের দাবি, এখানে প্রতিদিন বিপুল পরিমাণ চোলাই মদ তৈরি ও বিক্রি হয়ে থাকে। এতে এলাকার পরিবেশ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “গতকাল বিশেষ অভিযানের মাধ্যমে মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কৃষ্ণপুর আদিবাসী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক এক থেকে দুই হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।”