ঢাকা | অগাস্ট ১৩, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম

বাগমারায় শিশু ও পত্নীতলায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:02 pm

সোনালী ডেস্ক: বাগমারায় রাস্তা পার হতে গিয়ে ৪ বছরের শিশু ও পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বাগমারা প্রতিনিধি জানান, বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ বাজারে গতকাল বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মেরাজুল ইসলাম (৪) নামে শিশুর মৃত্যু ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নরদাশ গ্রামের মোজাফফর হোসেনের ছেলে মেরাজুল ইসলাম সড়ক পারাপারের সময় নরদাশ গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোস্তফা হোসেন বল্টুর ভ্যানের ধাক্কায় শিশুটি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক বলেন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু হলে অভিভাবক কোন আইনগত ব্যবস্থা না নেয়ায় সন্ধ্যা ৬টায় শিশুটির দাফন কাজ সম্পন্ন করা হয়। এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সড়ক পরিবহন আইনে মামলা হবে বলে জানান।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পত্নীতলায় বাসের চাকায় পিষ্ট হয়ে শ্যামল তিগ্যা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শ্যামল তিগ্যা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা গ্রামের বিরশা তিগ্যার ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নজিপুর-ধামইরহাট সড়কের পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির দপ্তরসংলগ্ন বাশমাদুরি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে শ্যামল তিগ্যা মোটরসাইকেল যোগে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেলসহ বাসের সামনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।