ঢাকা | অগাস্ট ২, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে নিজ বাসায় ইবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট: Saturday, August 1, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর নিজ বাসা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী অংকন কুণ্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত অংকন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাঁর বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, দুই দিন আগে অংকন বাড়িতে আসেন।

গত শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক সময় কাটান এবং রাতে একসঙ্গে রাতের খাবার খান। পরে নিজ কক্ষে চলে যাওয়ার কিছুক্ষণ পর তাঁর বড় ভাই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সহপাঠীরা জানান, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় অংকন উত্তীর্ণ হয়েছিলেন এবং আগামী ২২ আগস্ট তাঁর লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

মেধাবী এই শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য বিভাগীয় সুপারিশও নিয়েছিলেন। তবে গত কয়েক মাস ধরে তিনি কিছুটা বিষণ্নতায় ভুগছিলেন। হঠাৎ এমন ঘটনায় ইবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।